রংপুরের বদরগঞ্জের লোহানীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা বেগমের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি।
গত ২৪ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘তাঁরা খোশগল্প করেন, ক্লাস নেন ভাড়াটে শিক্ষকেরা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেন। ৪ অক্টোবর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শাহেদুল হকের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে তদন্ত করে। কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান ও সাজ্জাদ হোসেন।
প্রতিবেদনে উল্লেখ করা করেছে, তদন্ত কমিটি জানতে পারে, শাহিনা বেগম বেলা ১১টার পর বিদ্যালয়ে আসেন এবং দেড়টার মধ্যে বিদ্যালয় থেকে চলে যান। তিনি কখনো ক্লাস নেন না। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ের কক্ষ ঝাড়ু দিতে বাধ্য করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ গতকাল বুধবার বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রধান শিক্ষককে ওই বিদ্যালয় থেকে অন্যত্র বদলিসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইউএনওর কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়েছে।
রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এ খলিলুর রহমান বলেন, ‘ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। বিধিমোতাবেক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এখন বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’