প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কেবি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনেছে বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকদের একটি অংশ। ওই অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গতকাল শুক্রবার সকালে আড়াইসিধা এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। একই দাবিতে আশুগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়া সড়কে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে রাখে তারা। এতে বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল হয়ে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, ‘প্রধান শিক্ষক মো. আশরাফ উদ্দিন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর আস্থা হারিয়েছেন। এসএসসির ফরম পূরণের সময় বাড়তি অর্থ আদায়, প্রাইভেট পড়তে বাধ্য করাসহ নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন। তিনি শিক্ষক ও পরিচালনা পর্ষদকে বিভক্ত করে বিদ্যালয়ে অচলাবস্থার সৃষ্টি করেছেন। এ কারণে আমরা তাঁর অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছি।’আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, ‘আমি গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার জাহানকে প্রধান করে ১৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষককে বিদ্যালয়ের কার্যক্রমে অংশ নিতে বারণ করা হয়েছে।’অভিযোগ বিষয়ে প্রধান শিক্ষক আশরাফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি স্থানীয় নেতিবাচক রাজনীতির শিকার হয়েছি। ব্যক্তিগতভাবে কিছু মানুষ বিদ্যালয়ে আধিপত্য বিস্তার করতে আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। তাঁদের স্বার্থ হাসিলের জন্য রাস্তায় শিক্ষার্থীদের নামিয়ে দিয়েছেন।’