প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অসদাচরণের প্রতিবাদে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ প্রতিবাদ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বিদ্যালয়টির দশম শ্রেণির অন্তত ১০ জন শিক্ষার্থী বলেন, তিন মাস আগে এই প্রধান শিক্ষক এ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ দেন। তারপর থেকেই তিনি স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অসদাচরণে জড়িয়ে পড়েন। এরই রেশ ধরে শিক্ষক ও অভিভাবকেরা দলাদলিতে জড়িয়ে পড়েন। সম্প্রতি তাঁর নির্দেশে কিছু শিক্ষক শ্রেণিকক্ষে কোচিং করাতে শুরু করেছেন। এতে ক্লাস করার কক্ষ পাওয়া যায় না। এই কোচিং থেকে আয়ের একটা অংশ প্রধান শিক্ষক নিয়ে থাকেন বলেও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। এ ছাড়া নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির একটা অংশ কেটে নেওয়া হয় বলেও অভিযোগ করে তারা।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের এসব আচরণের প্রতিবাদে গতকাল দুপুরে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, বেশ কিছু বেঞ্চ-টেবিল ভাঙচুর ও প্রধান শিক্ষককে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ), জেলা শিক্ষা কর্মকর্তা গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) কাজি আতিয়ুর রহমান বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রধান শিক্ষকের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।
অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবদুল হামিদ বলেন, তিনি বিদ্যালয়ে যোগদানের পরই নোটিশ দিয়ে প্রাইভেট পড়ানো, ক্লাস করানো ও কিছু নিয়মনীতির ব্যাপারে শিক্ষক ও শিক্ষার্থীদের অবহিত করেছেন। এটা অনেকের পছন্দ হয়নি। এ কারণে ওই দলটি ছাত্রদের উসকানি দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।