প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, বিদ্যালয় ঘেরাও
চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে তাঁর বিচারের দাবিতে বিদ্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রোববার দুপুরে পঞ্চম শ্রেণীতে অঙ্কের কোচিং ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন (৪৫)। একপর্যায়ে অঙ্ক ভুল করার অজুহাতে তিনি ওই ছাত্রীকে কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। ছাত্রীর মা অভিযোগ করে বলেন, ‘ঘটনার পর তাৎক্ষণিকভাবে আমার মেয়ে আমাকে কিছু বলেনি। তবে সোমবার রাতে মেয়ে জানায়, সে তার বিদ্যালয়ে আর যাবে না। তাকে অন্য বিদ্যালয়ে ভর্তি করে দিতে বলে। কারণ জানতে চাইলে প্রধান শিক্ষকের শ্লীলতাহানির শিকার হওয়ার কথা বলে।’এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপুর দুইটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ইমতিয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদ, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. শাহজাহান ও সাহাব উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, শ্রেণীকক্ষে প্রায়ই শিক্ষক সিরাজ উদ্দিন তাদের সঙ্গে অশালীন আচরণ করেন। কিন্তু এ নিয়ে তারা কিছু বলার সাহস পায় না। এলাকাবাসী ও নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক-শিক্ষিকা জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আগেও একাধিকবার যৌন হয়রানির অভিযোগ ওঠে। কিন্তু যথাযথ প্রমাণের অভাবে তিনি পার পেয়ে যান। ২০০৬ সালের ২৭ মার্চ তিনি বিদ্যালয়টিতে যোগ দেন।এ ঘটনায় প্রধান শিক্ষককে আসামি করে ছাত্রীর মা মিরসরাই থানায় একটি মামলা করেছেন। ওসি ইফতেখার হাসান জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইউএনও ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ‘শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করেন। আমরা গিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিলে তাঁরা শান্ত হন।’ শিক্ষা কর্মকর্তা জানান, ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।এ অভিযোগের ব্যাপারে কথা বলতে প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনের মুঠোফোনে গতকাল একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি।