প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বৈদ্যনাথ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কাজে অনিয়ম, জালিয়াতি ও নিয়োগবাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।নিয়োগবাণিজ্য বন্ধ, প্রধান শিক্ষকের সব অনিয়ম ও দুর্নীতি তদন্তের দাবিতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।এর আগে ১৭ মে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অভিভাবকেরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন।অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপেন্দ্র নাথ রায় অফিস সহকারী হিসেবে যোগ দিয়ে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে এইচএসসি পাস করেন এবং পরে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ পান। এরপর স্নাতক ও বিএড পাস করে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান। তিনি ভুয়া সনদপত্রের মাধ্যমে দুটি টাইম স্কেল নেন। এ ছাড়া প্রতিটি শ্রেণীতে ভুয়া শাখার অনুমোদন দেখিয়ে কয়েক লাখ টাকার বিনিময়ে চারজন সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাঁদের নিবন্ধন পাসের সনদও ভুয়া। এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) জন্য এসব কাগজপত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে পাঠানো হয়েছে।বিদ্যালয়ের অফিস সহকারী মো. আবুল কালাম চৌধুরী পৃথক অভিযোগপত্রে উল্লেখ করেন, তিনি ১৯৯৩ সাল থেকে বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক সম্প্রতি তাঁর (আবুল কালাম) ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে অন্য আরেকজনকে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেন। গত এপ্রিল মাস থেকে তাঁর বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে।প্রধান শিক্ষক বলেন, অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি করে থাকলে তা দেখার জন্য মহাপরিচালক, উপপরিচালক ও জেলা শিক্ষা কর্মকর্তা আছেন।জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মণ বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করা হবে।