পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে কাউখালী থানায় তাঁর বিরুদ্ধে এ মামলা হয়েছে। ৯ ফেব্রুয়ারি জোলাগাতি এলাকার বাসিন্দা মামুন খান বাদী হয়ে এ মামলা করেন। মামলার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জোলাগাতি মুসলিম আদর্শ বিদ্যালয়ে নিম্নমান সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগের জন্য ২০১১ সালের জুন থেকে তিন দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মামুন খান ওই পদে আবেদন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম তাঁকে জানান, নিয়োগ পেতে হলে অনুদান হিসেবে দুই লাখ টাকা দিতে হবে। মামুন খান বলেন, আমি চাকরি পাওয়ার আশায় প্রধান শিক্ষকের হাতে গত অক্টোবরে এক লাখ ৭০ হাজার টাকা দিই। ডিসেম্বরে বিদ্যালয়ে ওই পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।মামুন খান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে আমি জানতে পারি, ওই পদে আমাকে নিয়োগ না দিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর আমি প্রধান শিক্ষক মাহাবুবুল আলমের কাছে টাকা ফেরত চাইলে তিনি টালবাহানা করতে থাকেন। নিরুপায় হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি। মামুন খানের বাবা বজলুর রশিদ বলেন, ছেলের চাকরির আশায় সুদে টাকা এনে প্রধান শিক্ষক মাহাবুবুলকে দিয়েছিলাম। এ বিষয়ে প্রধান শিক্ষক মাহাবুবুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কাউখালী থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম জানান, প্রধান শিক্ষক মাহাবুবুল আলমের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।