প্রধান শিক্ষকের বিরুদ্ধে রাজউকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্র জোবায়ের আহমেদের মৃত্যুর ঘটনায় মেরাদিয়ায় ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষককে দায়ী করে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজউকের (রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) অথরাইজড কর্মকর্তা খালেকুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন।খিলগাঁও থানা সূত্র জানায়, রাজউকের কর্মকর্তা মামলায় অভিযোগ করেছেন, ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এমদাদুর রহমান ইমারত আইন না মেনে এবং রাজউকের অনুমোদন না নিয়ে স্কুলের শ্রেণীকক্ষ নির্মাণ শুরু করেন। এর ফলে শ্রেণীকক্ষের নির্মাণাধীন দেয়াল ভেঙে পড়লে জোবায়ের চাপা পড়ে মারা যায়। এ ছাড়া পুলিশ বাদী হয়ে থানায় আরেকটি অপমৃত্যু মামলা করে। জোবায়েরের স্বজনেরা জানান, ছোট্ট জোবায়েরকে হারিয়ে তার বাবা পুলিশের বিশেষ শাখার এসআই মনিরুজ্জামান ও মা এখন পাগলপ্রায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপপরিচালক এ কে এম মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করবে।গত মঙ্গলবার বনশ্রীর মেরাদিয়ায় ইনস্টিটিউটে নির্মাণাধীন শ্রেণীকক্ষের দেয়াল ভেঙে পড়ে শিশু জোবায়েরের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় একই শ্রেণীর আরও দুই শিশু।