প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষিকাকে হত্যার হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা এলাকার ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকাকে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা গতকাল মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেছেন।অভিযোগকারী শিক্ষিকা আয়শা সিদ্দিকা অভিযোগ করেন, সোমবার বিকেলে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান শিক্ষক আলী আকবর নিজের চাকরির মেয়াদ অতিরিক্ত দুই বছর বাড়ানোর জন্য সদস্যদের চাপ দেন। তিনিসহ কমিটির একাধিক সদস্য এর প্রতিবাদ করেন। এতে আলী আকবর ও তাঁর ছেলেরা তাঁকে মেরে ফেলার হুমকি দেন। এ ছাড়া কয়েকজন শিক্ষক ও কমিটির সদস্যকে তাঁরা এক ঘণ্টা বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির প্রধান ও ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম বলেন, ‘চাকরির মেয়াদ অতিরিক্ত দুই বছর বাড়ানোর জন্য প্রধান শিক্ষক আবেদন করেন। এতে কমিটির কয়েকজন সদস্য ও শিক্ষক প্রতিনিধি আপত্তি তোলেন। দু-একদিনের মধ্যে বিষয়টির সমাধানে আমরা চেষ্টা করছি।’ আলী আকবর বলেন, ‘আয়শা সিদ্দিকার অভিযোগ মিথ্যা। তিনি আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।’