প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভাড়াটে সন্ত্রাসীদের হামলার ভয়ে আটজন শিক্ষক ওই বিদ্যালয়ে যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে সংবাদ সম্মেলনে ওই শিক্ষকেরা এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শহীদুল ইসলাম, এমানুল হক, আবদুল মালেক, ওবায়দুল হক, জিয়াউল হকসহ ভুক্তভোগী অন্য শিক্ষকেরা। 

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নামাজ আদায়ে একটি ওয়াক্তিয়া মসজিদ নির্মাণের জন্য চার টন চাল বরাদ্দ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। চাল বিক্রির ওই টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সাইকেল গ্যারেজের ওপর টিনের চাল দিয়ে মসজিদ তৈরির চেষ্টা করেন। গত ৩০ সেপ্টেম্বর এর প্রতিবাদ জানালে প্রধান শিক্ষক স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের ডেকে শিক্ষকদের ভয়ভীতি দেখান। ওই সন্ত্রাসীরা সাহারুজ্জামান ও এনামুল হক নামের দুই শিক্ষককে মারধর করেন। ওই ঘটনায় সাতজনের নামে আদালতে মামলা করা হয়। এরপর থেকে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠে। তারা শিক্ষকদের নানাভাবে ভয়ভীতি দেখাতে থাকে। এ কারণে আটজন শিক্ষক বিদ্যালয়ে যেতে পারছেন না। বিদ্যালয়ের ১১ শিক্ষকের মধ্যে আটজন অনুপস্থিত থাকায় কার্যত বন্ধ হয়ে গেছে পাঠদান কার্যক্রম। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের আসবাব ও অর্থ আত্মসাৎ, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগ আছে। তিনি নিয়মিত বিদ্যালয়েও আসেন না।

এসব বিষয়ে জানতে প্রধান শিক্ষকের মুঠোফোনে গতকাল সন্ধ্যায় দুবার যোগাযোগ করলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।