প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাক্ষ্য দিতে এসে হামলার শিকার!
প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে সাক্ষ্য দিতে এসে উল্টো অভিযোগকারীরা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে নোয়াখালী শহরে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগকারী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন নুরনবী তহফিক, মনির উল্লা ও জাবেদ হোসেন। তাঁদেরকে শহরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।আহত নুরনবী তহফিক প্রথম আলোকে বলেন, তাঁর চাচা মনির উল্লাসহ নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী আহমঞ্চদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আট সদস্য উপবৃত্তির অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের নিষিদ্ধ গাইড বই কিনতে বাধ্য করাসহ নানা অনিয়মের কথা উল্লেখ করে প্রধান শিক্ষক এস এম ফখরুল ইসলামের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে ১০ জুন হাতিয়া বাজার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে তদন্ত কমিটির সম্মুখে সাক্ষীদের নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু হরতালের কারণে একই কার্যালয় থেকে গতকাল বেলা ১১টায় সাক্ষীদের নিয়ে শিক্ষা কর্মকর্তার জেলা কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়। নুরনবী অভিযোগ করেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে অভিযোগকারীদের সঙ্গে তিনিসহ কয়েকজন সাক্ষ্য দিতে শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ফটক দিয়ে ভেতরে ঢোকার সময় সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ১৪-১৫ জনের একদল সন্ত্রাসী অতর্কিতে আমাদের ওপর হামলা করে।’জানতে চাইলে প্রধান শিক্ষক এস এম ফখরুল ইসলাম বলেন, ‘সহকারী শিক্ষক জাবেদ উদ্দিনের অনিয়মের বিরুদ্ধে কথা বলায় তিনি উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অভিযোগ সাজিয়েছেন। ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সিদ্দিকী বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে যাঁরা সাক্ষ্য দিতে এসেছিলেন তাঁদের কয়েকজন সাক্ষ্য দিয়েছেন, বাকিরা সাক্ষ্য না দিয়ে চলে গেছেন। যাঁরা সাক্ষ্য দিতে পারেননি তাঁদের পুনরায় ডাকা হবে। একই সঙ্গে অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।