প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী সিদ্দিকীর বিরুদ্ধে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত ছয়জন সদস্যদের স্বাক্ষর জাল করে বোর্ডে সভাপতির নাম প্রস্তাব পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই সদস্যরা ২০ জুন বিষয়টির প্রতিকার চেয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। সংশ্লিষ্ট বিদ্যালয়, নবনির্বাচিত সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৫ এপ্রিল গাছতলা উচ্চবিদ্যালয়ের অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধিসহ অন্যান্য সদস্যের নির্বাচন সম্পন্ন হয়। সভাপতি পদে নির্বাচনের জন্য প্রধান শিক্ষক গত ১ মে বেলা ১১টায় সভা আহ্বান করেন। সভা চলাকালীন স্থানীয় ও বহিরাগত ২০-২৫ জন লোক সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগের এক নেতাকে সভাপতি পদে মনোনীত করার জন্য নাম প্রস্তাব করেন। এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে প্রধান শিক্ষক সভা স্থগিত করতে বাধ্য হন। পরদিন প্রধান শিক্ষককে বাদ দিয়ে বিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নয়জন সদস্য সভায় মিলিত হয়ে সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো. গিয়াস উদ্দিনকে সভাপতি মনোনীত করেন এবং গত ৭ মে প্রয়োজনীয় কাগজপত্র সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে দাখিল করেন।অপর দিকে, গত ১ মে সভা দেখিয়ে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনকে সভাপতি মনোনীত করে প্রধান শিক্ষকও আটজন সদস্যের স্বাক্ষরিত কাগজপত্র একই দিনে বোর্ডে জমা দেন। কিন্তু তিনজন সদস্য তাঁদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বোর্ডে অভিযোগ দেন। প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী সিদ্দিকী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমিসহ নবনির্বাচিত আটজন সদস্যদের স্বাক্ষর নিয়েই সাংসদকে সভাপতি করার জন্য বোর্ডে নাম পাঠিয়েছি। স্বাক্ষর জাল করার বিষয়টি সঠিক নয়। বিদ্যালয়ের পরিদর্শক মো.আবদুল মান্নান খান বলেন, এ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি দুজন ভিন্ন ব্যক্তির নাম সভাপতি হিসেবে প্রস্তাব করে সভাপতি মনোনয়ন-সংক্রান্ত সভার দুটি কার্যবিবরণী দাখিল করায় বিষয়টি এখনো ঝুলে রয়েছে ।