প্রধান শিক্ষকের মারধর চতুর্থ শ্রেণীর ছাত্র হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারীতে রাজিব ইসলাম নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে প্রধান শিক্ষক বেদম মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের গোয়ালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার এলাকায় সরেজমিনে জানা গেছে, বর্ষালুপাড়া গ্রামের দিনমজুর মো. আইনুল হকের ছেলে মো. রাজিব ইসলাম প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে যায়। ক্লাস শেষে দুপুরে সে তার বন্ধু দেলোয়ারের সঙ্গে স্কুল মাঠে খেলা করছিল। এ সময় প্রধান শিক্ষক হায়দার আলী ওই দুই ছাত্রকে তাঁর কক্ষে ডেকে নিয়ে বাঁশের কঞ্চি দিয়ে বেদম মারপিট করেন। প্রাণভয়ে রাজিব বাড়ির দিকে দৌড় দেয়। প্রধান শিক্ষক তার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে তাকে মারতে থাকেন। রাজিব বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। তার মা স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে রাজিবকে মারার কারণ জানতে চান।রাজিবের মা রূপবান বেগম কাঁদতে কাঁদতে বলেন, প্রধান শিক্ষক হায়দার আলী এমন প্রশ্নের পর তার ওপর রেগে গিয়ে গালিগালাজ শুরু করেন। তিনি তাঁর বখাটে পুত্রকে স্কুল থেকে বের করে নিয়ে যেতে বলেন। অসহায় দিনমজুর রাজিবের বাবা রাতে বাড়িতে ফিরে স্ত্রী ও সন্তানের কাছে ঘটনা শুনে রাজিবকে রাতেই আটোয়ারী হাসপাতালে ভর্তি করান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানতে আগামী সোমবার বিদ্যালয়ে আসার কথা বলে ফোনটি কেটে দেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।