প্রধান শিক্ষকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর জজ আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করেছে নাটোরের দিঘাপতিয়া পি এন উচ্চবিদ্যালয়ের ছাত্র-শিক্ষক পরিষদ। গত মঙ্গলবার সন্ধ্যায় শিশু নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক মো. আলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সদর থানার ওসি মঙ্গলবার সন্ধ্যায় প্রধান শিক্ষক মো. আলিম উদ্দিনকে থানায় ডেকে পাঠান। তিনি ওই সময় থানায় গেলে পুলিশ তাঁকে শিশু নির্যাতনের একটি মামলায় গ্রেপ্তার করে। একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র কাওসার আলীকে মারধরের অভিযোগে তার বাবা ওই দিনই থানায় মামলা করেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও শিক্ষকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল দুপুরে বিদ্যালয়ের ৬০০ জন ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা নাটোরের জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ আদালতের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন। এ সময় তাঁদের হাতে প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। সমাবেশে সহকারী প্রধান শিক্ষক মো. রমজান আলী বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। আমরা অবিলম্বে প্রধান শিক্ষকের মুক্তি ও মামলাটি প্রত্যাহারের দাবি করছি। পরে এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনপত্র দেওয়া হয়েছে।’
সদর থানার ওসি শিকদার মো. মশিউর রহমান বলেন, মামলার আসামি হিসেবে প্রধান শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে।