প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
বগুড়ায় চেক জালিয়াতির মামলায় কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত দুপচাঁচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটি, উপজেলা নাগরিক কমিটি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গতকাল শনিবার সকালে দুপচাঁচিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে।
দুপচাঁচিয়া উপজেলা শিক্ষা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবদুস সামাদ তাঁর লিখিত বক্তব্যে বলেন, দুপচাঁচিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশারের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় ২০১৩ সালে বগুড়া যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক তাঁকে তিন মাসের কারাদণ্ড ও ৭০ হাজার টাকার অর্থদণ্ড দেন। আরেকটি চেক জালিয়াতির মামলায় ২০১৫ সালের ২৩ জুলাই ২য় আদালতের বিচারক ওই প্রধান শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড ও চার লাখ টাকার অর্থদণ্ড দেন। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষককে বিভাগীয় শাস্তি দিয়ে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়ার দাবি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুপ্রকের সভাপতি গাজিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক আবদুল বাছেদ প্রমুখ।