চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিবুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ের জমি তাঁর স্ত্রীর নামে রেজিস্ট্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া, তাঁর বিরুদ্ধে প্রায় ৩২ লাখ টাকার আর্থিক দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সাবেক পাঁচজন শিক্ষক এ ব্যাপারে তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী বরাবর লিখিত অভিযোগ পাঠিয়েছেন। চাকরিচ্যুত শিক্ষক মহাবুবুর রহমানসহ পাঁচজন শিক্ষক স্বাক্ষরিত একটি অভিযোগপত্র গত রোববার রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯৯৯ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই জামজামি গ্রামের মহিবুল ইসলাম কোনো পূর্ব-অভিজ্ঞতা ছাড়াই প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক নাসির উদ্দিন ২০০৫ সালে দুর্ঘটনায় মারা গেলে শূন্যপদে পাশের মধুপুর গ্রামের মহাবুবুর রহমানের কাছ থেকে তিনি তিন লাখ টাকা নিয়ে নিয়োগ দেন। পরবর্তী তিন মাসের মধ্যে বেতন-ভাতা নিয়মিত করার কথা থাকলেও দীর্ঘদিনেও তা করা হয়নি। উপরন্তু কোনো কারণ দর্শানো ছাড়াই গত ২২ সেপ্টেম্বর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগেও একইভাবে সহকারী শিক্ষক জিন্নাতুল হুসনা, আবদুর রশিদ, ফরিদুল ইসলাম, হাসিবুল হক ও রবিউল ইসলামকে চাকরিচ্যুত করেন। অথচ নিয়োগের সময় বিদ্যালয়ের অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুদানের কথা বলে ওই পাঁচজনের প্রত্যেকের কাছ থেকে এক থেকে দেড় লাখ টাকা করে প্রায় সাত লাখ টাকা নিয়েছেন। সব মিলিয়ে তিনি প্রায় ৩২ লাখ টাকার আর্থিক অনিয়ম করেছেন। এর মধ্যে শিক্ষক নিয়োগ বাবদ ২০ লাখ, শিক্ষকদের সরকারি প্রাপ্য টিউশনি ফির প্রায় চার লাখ, শিক্ষার্থীদের ভর্তি, পরীক্ষার ফি ও সেশন চার্জ বাবদ আদায় করা সাড়ে সাত লাখ টাকা এবং প্রশ্নপত্র তৈরি বাবদ প্রায় চল্লিশ হাজার টাকা রয়েছে। প্রধান শিক্ষক তাঁর ভগ্নিপতি আবুল কাশেমকে সহকারী শিক্ষক ও চাচাতো ভাই সিদ্দিকুর রহমানকে এমএলএসএস পদে নিয়োগ দিয়েছেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহাদত হোসেন মন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে সভাপতির ছেলে বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক আবদুল মোমিন গতকাল সোমবার বলেন, ‘বিদ্যালয়ে বর্তমানে ১১ জন শিক্ষক আছেন। এর মধ্যে প্রধান শিক্ষকসহ সাতজন এমপিওভুক্ত হয়েছেন। বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের টাকায় ২০০৩ সালে ৩২ শতক জমি কেনা হয়। ওই সময় প্রধান শিক্ষক জমি কেনার জন্য কিছু টাকা ধার দেন। কিন্তু তিনি ওই জমি বিদ্যালয়ের নামে দলিল না করে নিজের স্ত্রী জেসমিন আরা সীমার নামে রেজিস্ট্রি করেন। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে পাওনা টাকা পরিশোধ করতে বারবার তাগিদ দেওয়া হলেও এ পর্যন্ত তিনি বিদ্যালয়ের নামে জমি দলিল করে দেননি। বিদ্যালয়ের সীমানাপ্রাচীরঘেরা ওই জায়গাটি খেলাধুলার মাঠ হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে আর্থিক অনিয়মের ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না।’প্রধান শিক্ষক মহিবুল ইসলাম বলেন, ‘যথাযথ নিয়ম মেনেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কোনো প্রকার আর্থিক অনিয়ম এবং কাউকে চাকরিচ্যুত করা হয়নি। ছয়জন শিক্ষকই স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে গেছেন। বিদ্যালয়ের নিয়মিত মাসিক সভায় সবকিছু অনুমোদিত হয়। তাই এখানে অনিয়মের কোনো সুযোগ নেই। আমার স্ত্রীর নামে জায়গা রেজিস্ট্রি হয়েছে ঠিক, কিন্তু এ জমি বিদ্যালয়ের টাকায় নয়, ব্যক্তিগত অর্থেই কেনা হয়েছে। যা শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।’