প্রধান শিক্ষকের হাত-পা ভাঙলেন আ.লীগ নেতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন হাতুড়ি দিয়ে পিটিয়ে স্থানীয় মনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষককে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধান শিক্ষক রাশেদুল ইসলামের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে বিদ্যালয় পরিচালনা কমিটিতে না রাখায় ক্ষিপ্ত হয়ে তাঁর ছোট ভাই রাজীব হোসেন সন্ত্রাসীদের নিয়ে তাঁর ওপর হামলা চালিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ‘ই-প্রাইমারি’ খোলার জন্য প্রতিটি বিদ্যালয় থেকে তথ্যভান্ডার সংগ্রহ করা হচ্ছিল। গতকাল বুধবার বিদ্যালয়ের তথ্যভান্ডারের কাজে মনিনাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ রব্বানীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ভাটরা ইউনিয়ন তথ্যকেন্দ্রে যাচ্ছিলেন রাশেদুল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ-নন্দীগ্রাম সড়কে মনিনাগ বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা প্রথমে মোটরসাইকেলটি থামায়। এরপর তারা রাশেদুলকে টেনেহিঁচড়ে নামায়। এ সময় তাঁকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। আর ইউসুফকে মারপিট করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
রাশেদুল ইসলাম বলেন, ‘রফিকুল ইসলামের ছোট ভাই রাজীব হোসেন, তাঁর ছেলে মৃদুল হোসেনসহ তিনজন সন্ত্রাসী হাতুড়ি, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র হাতে আক্রমণ চালায়। এ সময় রাজীব হাতুড়ি দিয়ে পিটিয়ে আমার বাঁ হাত ও পা ভেঙে দেয়। অন্য একজন আমার পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।’
রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা রাশেদুলের সাজানো নাটক। সাংসদের ডিও লেটার এবং সরকারি দলের নেতা হওয়ার পরও তিনি বিদ্যালয়ের পরিচালনা কমিটিতে আমাকে রাখেননি। এখন উল্টো তিনি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
রাজীব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।