সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের এক শিক্ষিকা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। উভয় শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।বেলকুচি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল রোববার সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে অভিযোগ করা হয়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষিকাকে সরাসরি ও মুঠোফোনে কুপ্রস্তাব দিতেন। একাধিকবার নিষেধ করা সত্ত্বেও প্রধান শিক্ষক বিরত হননি। একপর্যায়ে তাঁর আপত্তিকর কথাবার্তা মুঠোফোনে ধারণ করেন ওই শিক্ষিকা। এরপর তিনি ধারণকৃত কথাবার্তাসহ ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগপত্র গত ১৯ ফেব্রুয়ারি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে পেশ করেন। পরদিন ওই প্রধান শিক্ষককে সাত দিনের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি ওই শিক্ষিকাকে আরও বেশি উত্ত্যক্ত করতে শুরু করেন এবং বিদ্যালয়ে না গিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের কাছে তদবির শুরু করেন। এরই মধ্যে তিনি ব্যবস্থাপনা কমিটিকে ‘ম্যানেজ’ করে গত রোববার বিদ্যালয়ে যান। বিষয়টির প্রতিবাদ করলে ওই শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষক ও তাঁর সমর্থকদের বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বিদ্যালয়ের শিক্ষক, গ্রন্থাগারিক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই শিক্ষিকাকে বাড়ি পৌঁছে দেয়।শিক্ষিকাকে লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করে ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য উভয় শিক্ষকই দায়ী। তাই দুজনকেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। স্বেচ্ছায় পদত্যাগ না করলে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হবে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন, ‘ওই শিক্ষিকাই আমাকে নানা ধরনের কুপ্রস্তাব দিয়েছেন। এতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চন্দনগাঁতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম বলেন, একজন প্রধান শিক্ষকের এ ধরনের আচরণ নিন্দনীয়।