প্রধান শিক্ষকের ৩৯ পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ও পাঠদান বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আশা করছি, এবার প্রধান শিক্ষক পদে নিয়োগের পর এ উপজেলার এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ পূরণ হবে।’ সূত্র জানায়, উপজেলায় ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ৩৯টি বিদ্যালয়ে প্রায় পাঁচ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।উপজেলাবাসী ও বিদ্যালয় সূত্র জানায়, ২০০০ সাল থেকে জগন্নাথপুরে সহকারী শিক্ষকের শতাধিক পদ শূন্য ছিল। ২০১১ সালের নিয়োগ পরীক্ষার পর এ উপজেলায় ৯৪ জন সহকারী শিক্ষক যোগদান করলে এ পদে শিক্ষকের শূন্যতা কিছুটা দূর হয়। কিন্তু পাঁচ বছর ধরে অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষকদের এ দায়িত্ব পালন করতে হচ্ছে। বিদ্যালয়ের দাপ্তরিক কাজ করতে গিয়ে পাঠদান বিঘ্নিত হচ্ছে।উপজেলার দিঘলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফুল আলম জানান, আট বছর ধরে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তিনি তিন বছর ধরে একমাত্র শিক্ষক হিসেবে বিদ্যালয়ের সব দায়িত্ব পালন করছেন। গত বছর একজন শিক্ষক প্রেষণে নিয়োগ পাওয়ায় এখানে বর্তমানে কর্মরত আছেন দুজন শিক্ষক। বিদ্যালয়ের প্রয়োজনে তাঁকে প্রায়ই উপজেলা শিক্ষা কার্যালয়ে যেতে হয়। তখন একজন শিক্ষক দিয়েই চলে পাঠদান।উপজেলার ফেচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকা বেগম বলেন, ‘প্রধান শিক্ষক না থাকায় আমি তিন বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। অতিরিক্ত এ দায়িত্ব পালন করতে গিয়ে পাঠদান বিঘ্নিতসহ নানা সমস্যা হয়।’ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ স্থানীয় বাসিন্দাদের যোগ্যতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবি জানান।সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘জগন্নাথপুর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’