প্রধান শিক্ষকের ৭১টি ও সহকারীর ৭৪ পদ খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৭১টি ও সহকারী শিক্ষকের ৭৪টি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। ফলে বিদ্যালয়গুলোতে পাঠদান ব্যাহত হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, সম্প্রতি সহকারী শিক্ষক পদে ২৮৬ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ অথবা পদোন্নতি দেওয়া হলে তাঁদের সমস্যা মিটে যাবে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র ও বিভিন্ন বিদ্যালয় ঘুরে জানা যায়, উপজেলায় মোট ২৮২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে নতুন জাতীয়করণ করা বিদ্যালয়ের সংখ্যা ১০০। নতুন জাতীয়করণ করা ৫২টিসহ মোট ৭১টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এগুলোর মধ্যে ধানগড়া মধ্যপাড়া, উপজেলা সদর, মহেশপুর চকমথুর, ঝাপড়া রাজিবপুর, কৃষ্ণদিয়া, বারইভাগ জানকিগাতী, খামারগাতী, কয়ড়া, ধামাইনগর, রূপাখাড়া, ঝাপড়া ও দাদপুর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য। উপজেলায় সহকারী শিক্ষক পদে ২৮৬ জনকে নিয়োগ দেওয়ার পর আরও ৭৪টি পদ খালি রয়েছে।
দুজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, নতুন সরকারি হওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকেরা অবসরে যাওয়ার পর আর নিয়োগ দেওয়া যায়নি। নতুন-পুরোনো সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ হলেই এ সমস্যা মিটে যাবে।
গত দুই দিনে পাঁচটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে জ্যেষ্ঠ একজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে মোট শিক্ষকের মধ্য থেকে একজনকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে।
১০ জন সহকারী শিক্ষক বলেন, নানা কাজে প্রধান শিক্ষককে প্রায়ই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন জায়গায় যেতে হয়। ফলে সেদিন পাঠদানে আরও বেশি সমস্যা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সভাপতি ও দুজন সদস্য বলেন, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকের শূন্য পদে লোক দেওয়ার জন্য বারবার আবেদন করেও কাজ হয়নি।
ভারপ্রাপ্ত পাঁচজন প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ক্লাস নেওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে বিদ্যালয়ের কাজে ছুটতে হয়। অথচ এতে কোনো আর্থিক লাভ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার বলেন, সমস্যা সমাধানে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।