প্রধান শিক্ষিকাকে পিটিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো!
সকাল সাড়ে আটটা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জোর করে পিয়নকে দিয়ে ছুটির ঘণ্টা বাজালেন। হঠাৎ ছুটির ঘণ্টায় শিক্ষার্থীরা অবাক। কী করবে বুঝতে না পেরে তাদের অনেকেই শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে মাঠে দাঁড়ায়। সভাপতির লোকজনের তাড়ায় তারা মাঠ ছাড়ে। এবার সভাপতি প্রধান শিক্ষিকার কার্যালয় থেকে অন্য শিক্ষকদেরও বের করে দেন। এরপর প্রধান শিক্ষিকাকে লাঠি দিয়ে পিটিয়ে চুল ধরে বিদ্যালয় থেকে বের করে দেন সভাপতি।গত শনিবার নাটোরের বাগাতিপাড়া উপজেলার ভিতরভাগ উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম (৫২) রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রথম আলোকে এ কথা জানান। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুসের (৩২) নাম উল্লেখ করে গতকাল রোববার তিনি বলেন, ‘ছেলের বয়সী একজন যুবক যেভাবে আমার সহকর্মী ও শিক্ষার্থীদের সামনে লাঞ্ছিত করেছে, তার দৃষ্টান্ত আছে কি না জানা নেই।’মাহমুদা বেগম জানান, ব্যবস্থাপনা কমিটি সভাপতি পদের জন্য তিনজনের নামের তালিকা শিক্ষা বোর্ডে পাঠায়। তালিকায় আবদুল কুদ্দুসের নাম না থাকলেও শিক্ষা বোর্ড থেকে তাঁকে সভাপতি করা হয়। এ ঘটনায় তিনি হাইকোর্টে রিট করেন। প্রধান শিক্ষিকার ভাষ্যমতে, এতে আবদুল কুদ্দুস ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন।জানা যায়, আবদুল কুদ্দুস নাটোরের লালপুর-বাগাতিপাড়ার জাতীয় পার্টির সাংসদ আবু তালহা ও সংরক্ষিত আসনের নারী সাংসদ শেফালী মমতাজের সুপারিশে সভাপতি হন। প্রধান শিক্ষিকাকে মারধরের ব্যাপারে সাংসদ আবু তালহা জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তিনি বলেন, দুই সাংসদের সুপারিশে আবদুল কুদ্দুস সভাপতি হয়েছেন। মন্ত্রী মহোদয়েরও সমর্থন আছে। তার পরও প্রধান শিক্ষিকা সভাপতিকে মানবেন না কেন?জানতে চাইলে আবদুল কুদ্দুস নিজেকে ছাত্রলীগের সাবেক নেতা দাবি করে বলেন, প্রধান শিক্ষিকাকে মারা হয়নি। গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাকে হেয় করার জন্য প্রধান শিক্ষিকা লাঠি পেটানোর কথা বলেছেন।’নাম প্রকাশ না করার শর্তে বিদ্যালয়ের একজন শিক্ষক জানান, গত শনিবার সকালে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল কুদ্দুসসহ সাতজন লোক লাঠিসোঁটা নিয়ে স্কুলে আসেন। সভাপতি প্রধান শিক্ষিকার চুল ধরে মেঝেতে ফেলে দেন এবং লাঠিপেটা করেন।তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সুফিয়ান বলেন, ‘ম্যাডাম সভাপতিকে মেনে নিলে এ ঘটনা ঘটত না। এতে আমাদেরও সমস্যা হয়েছে।’এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম কুমার বলেন, প্রধান শিক্ষিকা ঘটনাটি জানিয়েছেন। তাঁকে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে মামলা এখনো নথিভুক্ত করিনি। ওসি ছুটি থেকে এলে ব্যবস্থা নেওয়া হবে।’