প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলেন যুবলীগ নেতা!
বগুড়ার শেরপুরের গাড়িদহ ইউনিয়ন যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবু সাঈদ এক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।উপজেলার কালসীমাটি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আহত প্রধান শিক্ষিকা সরমা বসাকের (৫৪) ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়টির পরিচালনা কমিটির সভাপতি হিসেবে যুবলীগ নেতা আবু সাঈদকে মেনে না চলার অভিযোগে গতকাল শিক্ষকদের কক্ষে তিনি তাঁর ওপর চড়াও হন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে সাঈদ তাঁকে এলোপাতাড়ি চড় মারা শুরু করেন। পরিচালনা কমিটির সদস্য গোলাম রব্বানীর উপস্থিতিতেই তিনি তাঁকে এভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানানোর চেষ্টা করলে তাঁর মুঠোফোন কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মারেন সাঈদ। এ সময় আবারও মারতে উদ্যত হলে তিনি দৌড়ে সেখান থেকে বেরিয়ে সড়কের ওপর চলে আসেন। এর পরও তাঁকে মারার জন্য ধাওয়া করেন তিনি। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ওই শিক্ষিকা কান্নায় ভেঙে পড়ে বলেন, আবু সাঈদ তাঁর দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন থেকেই ব্যক্তিগত স্বার্থ আদায়ের চেষ্টা চালাচ্ছিলেন। এর ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে গতকাল তাঁর ওপর হামলা চালানো হয়। তবে আবু সাঈদ প্রহারের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের কিছু বিষয়ে ওই শিক্ষিকার কাছে জানতে চাইলে তিনি এর জবাব না দিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মুঠোফোনে কথা বলতে থাকেন। তখন তিনি মুঠোফোনটি কেড়ে নিয়ে টেবিলের ওপর রেখে দেন। কমিটির সদস্য গোলাম রব্বানী বলেন, প্রধান শিক্ষিকার সঙ্গে সভাপতি কথা-কাটাকাটি করেন এবং মুঠোফোন কেড়ে নেন। এর বেশি কিছু হয়নি।কিন্তু শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষিকাকে শারীরিকভাবে নির্যাতনের ব্যাপারটি নিশ্চিত হয়েছেন। এ প্রসঙ্গে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।