প্রধান শিক্ষিকার কাণ্ড!
১০ মিনিট আগে ক্লাস শেষ করে দেওয়ার অপরাধে প্রধান শিক্ষিকা এক সহকারী শিক্ষিকাকে পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাইলি আক্তার গত রোববার ছুটিতে থাকায় তাঁর ক্লাস নেন অপর সহকারী শিক্ষিকা জুলেখা বেগম। কিন্তু ১০ মিনিট আগেই ক্লাস থেকে চলে আসায় প্রধান শিক্ষিকা নুরুন্নাহার তাঁকে বকাঝকা করেন এবং উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে গতকাল সোমবার আবার জুলেখা বেগম ও নুরুন্নাহারের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রধান শিক্ষিকা নুরুন্নাহার স্কেল দিয়ে জুলেখা বেগমকে আঘাত করেন। জুলেখা বেগম বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে মৌখিকভাবে জানিয়েছেন।জুলেখা বেগম প্রথম আলোকে বলেন, ‘এমন ছোট বিষয় নিয়ে প্রধান শিক্ষিকা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আমি খুবই কষ্ট পেয়েছি।’এ ব্যাপারে কথা বলার জন্য প্রধান শিক্ষিকা নুরুন্নাহারের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, ‘সহকারী শিক্ষিকা জুলেখা বেগম আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তিনি লিখিতভাবে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেব।’