প্রধান সড়কে জলাবদ্ধতা, ১৫ গ্রামের মানুষ দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার প্রধান সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে দুই দিন ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ১৫ গ্রামের মানুষ ও পর্যটকেরা দুর্ভোগের শিকার হচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, সোনারগাঁ পৌরসভার চিলারবাগ পার্ক থেকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন হয়ে পানাম নগর পর্যন্ত সড়কের খাসনগর দীঘিরপাড় গ্রামের পাশে সড়কের ওপর কোথাও হাঁটু, কোথাও কোমর পর্যন্ত পানি জমে আছে। গত দুই দিনের টানা বৃষ্টির পানি জমে এ অবস্থার সৃষ্টি হয়েছে। খাসনগর দীঘিরপাড় গ্রামের দুপাশে শিল্পকারখানা ও বাড়িঘর নির্মাণ করায় পানি নিষ্কাশিত হচ্ছে না। পৌরসভার মেয়রকে বিষয়টি জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
খাসনগর দীঘিরপাড় গ্রামের বাসিন্দা রাজা মিয়া ও আলাউদ্দিন জানান, পৌরসভার প্রধান এই সড়কে জলাবদ্ধতার কারণে দুই দিন ধরে কোনো ধরনের মোটরযান চলাচল করতে পারছে না। অত্যন্ত ঝুঁকির মধ্যে কিছু রিকশা চলাচল করছে। কোমর পর্যন্ত পানিতে রিকশায় চলাচল করতে গিয়ে সড়কের মধ্যে সৃষ্ট গর্তে পড়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন। দুই মাস ধরে এ সড়কে নালা (ড্রেন) নির্মাণ ও সড়কটি মেরামত করার জন্য পৌর মেয়রকে অনুরোধ করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
এ সড়কের জলাবদ্ধতার কারণে ইছাপাড়া, গোয়ালদী, আমিনপুর, দরপত, রাইজদিয়া, বালুয়া দীঘিরপাড়, নোয়াইল, সনমান্দী, মশুরাকান্দা, বড়ইকান্দি, আদমপুর, ছাপেরবন্দসহ ১৫ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।
এ সড়কে জলাবদ্ধতার কারণে সোনারগাঁয়ে বেড়াতে আসা পর্যটকেরা পড়ছে বিপাকে। তারা লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শনে যেতে পারছে না। বিকল্প সড়ক দিয়ে চলাচল করতেও তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ঢাকার মগবাজার থেকে বেড়াতে আসা মজিদ তালুকদার ও নয়ন হোসেন বলেন, ‘এখানে বেড়াতে এসে এত সমস্যায় পড়তে হবে জানলে আসতাম না।’ সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল্লাহ মিয়া জানান, সামান্য বৃষ্টি হলেই এ সড়ক দিয়ে যানবাহন চলানো যায় না।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানের সঙ্গে গতকাল সোমবার মুঠোফোনে পাঁচ-ছয়বার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পৌরসভার উপসহকারী প্রকৌশলী আতিকুল হক বলেন, ‘আমরা ওই সড়কের পানি নিষ্কাশনের জন্য পাইপ বসাতে গিয়েছিলাম। কিন্তু গ্রামবাসী তাদের জায়গায় পাইপ বসাতে বাধা দেয়। তাই আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারিনি।’