ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন ব্যক্তি দেওয়ান আতিকুর রহমানকে অন্তর্বর্তীকালীন জামিন শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মনির কামাল আতিকুর রহমানকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের পরিদর্শক মাহবুবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, উচ্চ আদালতের চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল আতিকুর সময় বাড়ানোর আবেদন নিয়ে আদালতে হাজির হন। মুখ্য বিচারিক হাকিম আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাসিরনগরে হামলার ঘটনায় আতিকুরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
আইনজীবী সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ হাইকোর্ট থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন আতিকুর। তবে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নম্বর ও ধারা বিভ্রাটের কারণে তাঁর জামিনসংক্রান্ত নথি উচ্চ আদালতে ফেরত পাঠানো হয়। নথি ঠিক করে ১১ মে কারাগারে আসার পর ওই দিন বিকেলে জামিনে ছাড়া পান আতিকুর।
গত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে দেওয়ান আতিকুর নাসিরনগরের হরিপুর ইউপি থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। নাসিরনগরের ঘটনায় অন্যতম প্রধান সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হলে ১৫ জানুয়ারি তাঁকে চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
নাসিরনগর উপজেলা সদরের মহাকালপাড়ার সর্বজনীন গৌর মন্দির, দত্তপাড়ার দত্তবাড়ির মন্দির ও হিন্দু সম্প্রদায়ের কিছু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার মামলায় আতিকুরকে গ্রেপ্তার করা হয়েছিল।
গত ৩০ অক্টোবর নাসিরনগরে রসরাজ দাস নামে এক ব্যক্তির ফেসবুকে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে উপজেলা সদরে ওই হামলার ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় রসরাজদের বাড়িও। এরপর আরও চার দফায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। আওয়ামী লীগ, বিএনপির নেতাসহ ১২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।