প্রধান সন্দেহভাজন আতিকুরের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার ঘটনায় গ্রেপ্তার অন্যতম প্রধান সন্দেহভাজন দেওয়ান আতিকুর রহমান ওরফে আঁখি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। গ্রেপ্তারের চার মাস পর গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে বের হন আতিকুর।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক নূরুন্নবী ভূঁইয়া বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৩ মার্চ বিচারপতি নাঈমা হায়দার ও আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে আতিকুরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার নম্বর ও ধারা বিভ্রাটের কারণে তাঁর জামিনসংক্রান্ত নথি উচ্চ আদালতে ফেরত পাঠানো হয়। জামিনসংক্রান্ত নথি সঠিক করে গতকাল বৃহস্পতিবার কারাগারে আসার পর বিকেলে আতিকুর সব প্রক্রিয়া শেষে করে জামিনে বের হন।

আজ শুক্রবার দুপুরে আতিকুরের শহরের কালাই শ্রীপাড়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও সকাল থেকেই বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার পৌর শহরের কুমারশীল মোড় এলাকার মদিনা মসজিদে আতিকুরকে দেখা গেছে।

গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে দেওয়ান আতিকুর রহমান নাসিরনগরের হরিপুর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। নাসিরগরের ঘটনায় অন্যতম প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর ১৫ জানুয়ারি আতিকুরকে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ জানান, চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে আতিকুরকে গ্রেপ্তার করা হয়। পরদিন ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। নাসিরনগর উপজেলা সদরের মহাকাল পাড়ার সর্বজনীন গৌর মন্দির, দত্তপাড়ার দত্তবাড়ির মন্দির ও হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় হওয়া মামলায় আতিকুরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

গত বছরের ৩০ অক্টোবর রাতে নাসিরনগরে রসরাজ দাস নামে এক ব্যক্তির ফেসবুক পোস্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরে হিন্দু বসতি ও মন্দিরে হামলার ঘটনা ঘটে। নাসিরনগর সদর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হরিণবেড়ে রসরাজদের বাড়িও ভাঙচুর করা হয়। এরপর আরও চার দফায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় আটটি মামলা হয়েছে। মামলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাসহ ১২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।