নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনার অন্যতম প্রধান সন্দেহভাজন হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে আবার দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম শফিকুল ইসলামের আদালত শুনানি শেষে আতিকুরের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ প্রথম আলোকে বলেন, হরিণবেড় গ্রামের রসরাজ দাসের বড় ভাই দয়াময় দাসের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আতিকুরকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত দুই দিন মঞ্জুর করেন। ইশতিয়াক আহমেদ বলেন, এর আগে মন্দিরে ভাঙচুরের মামলায় আতিকুরকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের সুদাম দাসের বাড়ির মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং হিন্দুসম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলার ঘটনায় দয়াময় দাস বাদী হয়ে নাসিরনগর থানায় অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করে মামলা করেছিলেন।
রসরাজ দাসের ফেসবুক পেজ থেকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে নাসিরনগরে গত ৩০ অক্টোবর ও পরে একাধিকবার সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। তবে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সাংবাদিকদের রসরাজ বলেছেন, তিনি ফেসবুক চালাতে জানেন না বা পাসওয়ার্ড কী, বোঝেন না। তাঁর পেজ থেকে কেউ ছবি পোস্ট করে থাকলে তার শাস্তি দাবি করেন রসরাজ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে আতিকুর কয়েকজনের নাম বলেছেন। নাসিরনগরের হামলায় আতিকুরের সম্পৃক্ত থাকার যথেষ্ট প্রমাণ পুলিশের কাছে রয়েছে।