গোপীবাগে লুৎফোর রহমানসহ ছয় খুনের সাত মাস
প্রধান সন্দেহভাজন দুই শিষ্য আরও পাঁচজনকে খোঁজা হচ্ছে
রাজধানীর গোপীবাগে ইমাম মাহদির সেনাপতি দাবিদার লুৎফোর রহমান ফারুকসহ ছয়জনকে হত্যায় তাঁর দুই শিষ্যসহ সন্দেহভাজন সাতজনকে খুঁজছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাত মাস তদন্তের পর ডিবি বলছে, লুৎফোরের ওই দুই শিষ্যকে সন্দেহ করার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আবুয়াল খায়ের প্রথম আলোকে বলেন, ওই দুই শিষ্য ঘটনার দিন পাঁচ থেকে ছয়জনকে নিয়ে লুৎফোরের বাসায় এসেছিলেন। পরে সুযোগ বুঝে ছয়জনকে হত্যা করে। তিনি বলেন, পরিকল্পনার অংশ হিসেবে হত্যাকারীরা লুৎফোরের আরেক শিষ্য শাহিনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওই বাসায় ঢুকেছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
তদন্ত কর্মকর্তা জানান, হত্যায় জড়িত ওই দুই শিষ্যের মধ্যে একজনের বাসা ছিল ঢাকায়। ঘটনার পর তিনি বাসা ছেড়ে গা-ঢাকা দেন। আরেকজনের বাসা দেশের দক্ষিণাঞ্চলের একটি জেলায়। এঁদের খুব শিগগির গ্রেপ্তার করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে সন্দেহভাজন দুজনের নাম প্রকাশ করতে রাজি হননি এই কর্মকর্তা।
গত বছরের ২১ ডিসেম্বর সন্ধ্যায় গোপীবাগে নিজ বাসায় খুন হন লুৎফোর, তাঁর ছেলে সরোয়ারুল ইসলাম এবং লুৎফোরের চার শিষ্য মনজুর আলম, শাহিন মৃধা, রাসেল ভূঁইয়া ও মজিবুল হক।এ ঘটনায় লুৎফোরের ছোট ছেলে আবদুল্লাহ আল ফারুক ওয়ারী থানায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবি।
শাহিন সম্পর্কে লুৎফোরের ছেলে আবদুল্লাহ আল ফারুক বলেন, ‘বাবার সঙ্গে তাঁর যে চারজন শিষ্য হত্যার শিকার হয়েছেন, তাঁদের মধ্যে শাহিন সবার আগে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বাইরের শিষ্যদের সঙ্গে শাহিনেরই বেশি যোগাযোগ ছিল।’
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় শাহিনের বাসা ছিল।আগে তরিতরকারির ব্যবসা করতেন। নিহত হওয়ার বছর চারেক আগে লুৎফোরের শিষ্যত্ব গ্রহণ করেন। সর্বশেষ দেড় বছর তিনি স্থায়ীভাবে লুৎফোরের বাসায় থাকা শুরু করেন।
ডিবি ও লুৎফোরের পরিবারের ধারণা, সন্দেহভাজন ওই দুজনকে চিনতেন বলে লুৎফোরের সঙ্গে বাকি পাঁচজনকে হত্যা করা হয়েছে। ওই দিন বাসায় আরও ছিলেন লুৎফোরের স্ত্রী, মেয়ে, ছেলের স্ত্রী ও শ্বশুর, দুই শিশু, নিহত মনজুরের স্ত্রী এবং গৃহকর্মী শাহিদা।তাঁদের হত্যা করা হয়নি। আর ঘটনার সময় বাসার বাইরে ছিলেন লুৎফোরের ছোট ছেলে আবদুল্লাহ।
এদিকে ঘটনার পর লুৎফোরের পরিবার বাসা পাল্টে ফেলেছে।তাঁর ছোট ছেলে আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে নতুন বাসার ঠিকানা কাউকে জানাচ্ছেন না। বাবার মতাদর্শ প্রচারেরও ইচ্ছা নেই তাঁর। তাই বাবার শিষ্যদের সঙ্গে যোগাযোগও নেই।
প্রসঙ্গত, ইমাম মাহদির প্রধান সেনাপতি দাবি করে লুৎফোর দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিষয়ে তাঁর নিজস্ব মতাদর্শ অনুসারীদের কাছে প্রচার করে আসছিলেন।