মাদক ও জলাবদ্ধতাকে মোহাম্মদপুরের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন এলাকাটির চার কাউন্সিলর। তাঁদের একজনের দাবি, পুলিশের অসহযোগিতার কারণে এলাকার মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুলিশের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও করেন তিনি।
গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক মোহাম্মদপুরে কৃষি মার্কেট-সংলগ্ন সূচনা কমিউনিটি সেন্টারে এলাকার ২৯, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য পুলিশকে দায়ী করেন। তাঁর দাবি, মাদক ব্যবসায়ীরা পুলিশকে প্রতিদিন দুই থেকে তিন লাখ টাকা দিয়ে থাকে।
তবে এ অভিযোগ অস্বীকার করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক। মাদকের বিরুদ্ধে অভিযান নিয়মিত চলছে উল্লেখ করে তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকার জনপ্রতিনিধিরাও তো আমাদের সঙ্গে থাকতে পারেন। কই, তখন তো তাঁদের পাওয়া যায় না।’
মতবিনিময় সভায় মেয়র বলেন, ‘প্রশাসনের চেয়ে আপনারা জনপ্রতিনিধিরা বেশি শক্তিশালী। আপনাদের সঙ্গে জনগণ আছে। তাঁদের সঙ্গে নিয়েই আপনাদের মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
জলাবদ্ধতার বিষয়ে মেয়র বলেন, নগরের অন্যান্য এলাকার তুলনায় মোহাম্মদপুরে জলাবদ্ধতার সমস্যা কম। যা আছে তা নিরসনে ডিএনসিসি এবং ওয়াসা সম্মিলিতভাবে কাজ করে যাবে।