হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সজল কান্তি দেব পলাতক থাকায় চিকিৎসকসহ সব কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা আটকে আছে। সে সঙ্গে কয়েকজনের সার্ভিস বুকও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে বিড়ম্বনায় পড়েছেন তাঁরা।
থানা সূত্রে জানা যায়, সজলের সরকারি বাসায় গত ১৬ আগস্ট খুন হয় অঞ্জনা রানী নম (১৬) নামের এক তরুণী। এ বিষয়ে সজলকে প্রধান আসামি করে নবীগঞ্জ থানায় মামলা হয়। সজল ১৭ আগস্ট থেকে বিনাছুটিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে সিভিল সার্জন কার্যালয় থেকে তাঁকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। সজল ওই হাসপাতালেও যোগদান করেননি, নবীগঞ্জের দায়িত্বও কাউকে বুঝিয়ে দেননি।
এতে হাসপাতালের প্রায় ১৬০ জন কর্মকর্তা ও কর্মচারীর বেতন আগস্ট মাস থেকে আটকে আছে। পাশাপাশি ১৬ জন তাঁদের সার্ভিস বুক খোঁজে পাচ্ছেন না। আবার দুজন স্বাস্থ্যকর্মী স্বেচ্ছায় অবসরে যাওয়ার জন্য দু-তিন মাস আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাসপাতাল সূত্র জানায়, এখানকার সব দাপ্তরিককাজের দায়িত্বে ছিলেন সজল কান্তি দেব। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক-সেবিকাসহ সব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার প্রক্রিয়াও তাঁর মাধ্যমেই সম্পন্ন হতো। যে কারণে সবার সার্ভিস বুক তাঁর কাছে থাকত।
স্বাস্থ্য সহকারী পলিমার মালাকার মনে করেন, বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা থাকা অবস্থায় সার্ভিস বুকগুলো না পাওয়া গেলে পরে আরও জটিলতা তৈরি হবে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসক অর্ধেন্দু দেব প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি জেলা কার্যালয়কে অবহিত করেছেন। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে সবার বেতন হবে। সার্ভিস বুক না পাওয়ার বিষয়ে বলেন, কিছু বই পাওয়া গেছে। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।