প্রধান সড়কগুলোতে ইজিবাইক চলবে না
কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোতে ১৬ জুলাই থেকে ইজিবাইক চলাচল করতে পারবে না। চলবে কেবল অপ্রধান সড়কগুলোতে। নগরকে যানজটমুক্ত রাখতে গত ১৭ জুন অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, আজ শনিবার কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। ওই সভায় মন্ত্রীকে কুমিল্লার জনদুর্ভোগের এই বাহন সম্পর্কে জানানো হবে। জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি মো. রেজাউল আহসান প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, কুমিল্লা মহানগরের গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোতে কোনো অবস্থাতেই ইজিবাইক চলাচল করতে পারবে না। শহরের যানজট ও দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম প্রধান কারণ লাইসেন্সবিহীন এসব বাইক।জানা গেছে, কুমিল্লা নগরের ২৭টি ওয়ার্ডে প্রায় ৩০ হাজার ইজিবাইক চলাচল করে। এসব বাহন চলাচলের জন্য নগরে পর্যাপ্ত সড়ক নেই। নগরের কান্দিরপাড় পূবালী চত্বরের চারপাশ ঘিরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকে শতাধিক ইজিবাইক। তা ছাড়া নগরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার, রামপুর ও কোটবাড়ী এলাকায় ইজিবাইক চলাচল করে। মহাসড়কে ৪০ কিলোমিটারের কম গতি রয়েছে এমন বাহন চলাচল নিষেধ থাকলেও ইজিবাইকগুলো চলছে। এতে প্রায়ই প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।