প্রধান সড়কগুলোতেও রিকশার দাপট
>
- দুই সিটি করপোরেশনে বৈধ রিকশা ৮০ হাজার ৪৭৩টি।
- ডিএসসিসি এলাকায় ৫২ হাজার ৭৫৩ ও ডিএনসিসি এলাকায় ২৬ হাজার ৭২০টি।
- তবে রাস্তায় চলে প্রায় পৌনে ৭ লাখ রিকশা।
রাজধানীর কোন সড়কে রিকশা চলবে আর কোন সড়কে চলবে না, তা নিয়ে উদাসীন সংশ্লিষ্ট সব পক্ষই। ফলে অলিগলির পাশাপাশি প্রধান সড়কগুলোও এখন রিকশার দখলে। এতে যানজট আরও বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, একই সড়কে যান্ত্রিক ও অযান্ত্রিক বাহন চললে হযবরল অবস্থার সৃষ্টি হয়। কম গতির গাড়ির জন্য বেশি গতির গাড়িও আস্তে চালাতে হয়। তাঁদের মতে, ঢাকায় রিকশা চলবে, তবে এটি অবশ্যই মূল সড়কের বাইরে এবং নিয়ন্ত্রিত হারে চলতে হবে।
জানা গেছে, গত চার দশকে অন্তত তিন দফায় ঢাকার বিভিন্ন সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছিল। বিভিন্ন পক্ষের বিরোধিতা, রিকশার পক্ষে-বিপক্ষে যুক্তিতর্কসহ নানা কারণে তা আর বাস্তবায়ন হয়নি।
রিকশা নিষিদ্ধ সড়কগুলোর মধ্যে ভিআইপি রোড, মিরপুর রোড, নিউ এলিফ্যান্ট রোড, নিউ সার্কুলার রোড, ডিআইটি রোড, রোকেয়া সরণি, টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১, প্রগতি সরণি, জহির রায়হান সরণি ও নর্থ সাউথ রোড অন্যতম। আর ২০১৫ সালের সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) তথ্য অনুযায়ী, ঢাকার ১১টি সড়কে (মোট ৩৮ কিলোমিটার) রিকশা চলাচল বন্ধ করা হয়েছিল।
তবে সরেজমিনে ভিআইপি রোড ছাড়া অন্য সব সড়কেই কমবেশি রিকশা চলতে দেখা গেছে। এ ছাড়া বনানী, গুলশান, নিকেতন, বারিধারা ও বসুন্ধরা আবাসিক এলাকায় নির্ধারিত সড়কে বা লেনে রিকশা চলাচল করে।
পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক সামছুল হক বলেন, মূল সড়কে রিকশা গতিরোধক হিসেবে কাজ করে। উন্নয়নশীল দেশের ভাবমূর্তির সঙ্গে
রিকশা মানানসই নয়। তিনি বলেন, সরকারের রাজনৈতিক দুর্বলতা, পুলিশের অসহযোগিতা, রিকশা বন্ধের পাশাপাশি গণপরিবহন না বাড়ানো ও
মালিকদের সিন্ডিকেটের কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও মূল সড়কে রিকশা বন্ধ করা যায়নি। তিনি বলেন, রিকশা হতে হবে সহযোগী, প্রতিযোগী নয়। এর সংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে।
রিকশার সংখ্যা নিয়ন্ত্রণের দায়িত্ব সিটি করপোরেশনের। রাস্তায় চলার সময় তদারকির দায়িত্ব ট্রাফিক পুলিশের। আর কোন রাস্তায় কেমন গাড়ি চলবে, তা নির্ধারণের দায়িত্ব ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ)।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, দুই সিটি করপোরেশন এলাকায় নিবন্ধিত বৈধ রিকশা আছে ৮০ হাজার ৪৭৩টি। এর মধ্যে ঢাকা
দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৫২ হাজার ৭৫৩ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২৬ হাজার ৭২০টি।
১৯৮৬ সালের পর আর কোনো রিকশার নিবন্ধন দেওয়া হয়নি।
তবে রাজধানীতে চলে প্রায় পৌনে ৭ লাখ রিকশা, যার ৬ লাখই অবৈধ। বিভিন্ন সংগঠনের নেতাদের প্রতি মাসে রিকশাপ্রতি ১৫ থেকে ২০ টাকা করে চাঁদা দিয়ে অবৈধ রিকশাগুলো চালাতে হয়। অন্তত ২৫টি সংগঠনের নিয়ন্ত্রণে রিকশাগুলো চলে।
তবে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, রিকশা যানজট বাড়ায় না বরং কমায়। রিকশা না থাকলে বিকল্প হিসেবে গাড়ি ব্যবহার করতে হবে, ফলে যানজট বাড়বে। তাঁরা মতে, রিকশাগুলো চলতে হবে পরিকল্পনামাফিক ও আলাদা লেনে। পাশাপাশি রিকশার সংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে।
সব সড়কে রিকশা চলা উচিত কি না জানতে চাইলে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মদ বলেন, মূল সড়কে রিকশা চলা উচিত নয়। মূল সড়কে যাতে রিকশা না চলে সে জন্য গত মাসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিটিসিএর পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।
সুপারিশ কে বাস্তবায়ন করবে জানতে চাইলে সৈয়দ আহম্মদ বলেন, এটি বাস্তবায়নের দায়িত্ব ট্রাফিক পুলিশের।
জানতে চাইলে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মুরাদ আলী বলেন, যে সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে, সেখানে রিকশা চলতে দেওয়া হয় না। তারপরও চললে ব্যবস্থা নেওয়া হবে।