প্রধান সড়কজুড়ে গর্ত দুর্ভোগে পৌরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার প্রধান সড়কে সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে আছে। গতকাল পৌরসভার তুজারভাঙ্গা এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
কুমিল্লার দাউদকান্দি পৌরসভার প্রধান সড়কে সৃষ্টি হওয়া গর্তে বৃষ্টির পানি জমে আছে। গতকাল পৌরসভার তুজারভাঙ্গা এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

দীর্ঘদিন সংস্কার না করায় কুমিল্লার দাউদকান্দি পৌর শহরের প্রধান সড়কটি ছোট-বড় গর্তে ভরে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ফলে সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে পৌরসভার অর্ধলক্ষাধিক বাসিন্দা দুর্ভোগ পোহাচ্ছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী সৈয়দ আলিমুর রহমান বলেন, সড়কটি সওজের অধীন। কিন্তু এটির মেরামতকাজটি করে পৌরসভা। ২০১১ সালের প্রথম দিকে এটির সর্বশেষ সংস্কার করা হয়। এরপর আর করা হয়নি।
মেয়র নাইম ইউসুফ বলেন, ‘সড়কের প্রধান সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসন করার ব্যবস্থা না করেই গত বছর এটি মেরামতের জন্য ১ কোটি ৩৫ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছিল। তাই ওই দরপত্র সংশোধন করে নতুন নকশা অনুযায়ী দুই পাশ দিয়ে পানি নিষ্কাশনের নালা নির্মাণ এবং নিরাপত্তা বাতি লাগানোর স্থায়ী কাজের জন্য ১৫ মে পত্রিকায় দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করছি খুব শিগগিরই কাজ শুরু হবে।’
শহরের অন্তত পাঁচজন বাসিন্দা জানান, শহরের বিশ্বরোড থেকে থানা ফটক পর্যন্ত রাস্তাটি প্রধান সড়ক। এই সড়ক দিয়ে দাউদকান্দিতে নদীপথে আসা বিভিন্ন মালামাল চট্টগ্রাম, ফেনীসহ দেশের নানা স্থানে পাঠানো হয়। ফলে এ সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক, কাভার্ডভ্যান, লরি, ইঞ্জিনচালিত ট্রলি, ট্রাক্টরের পাশাপাশি মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ঠেলাগাড়ি, ভটভটি, রিকশা ও প্রাইভেট কার চলাচল করে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, ১ দশমিক ৮৯০ কিলোমিটার দীর্ঘ সড়কের বিভিন্ন স্থানে শতাধিক ছোট-বড় গর্ত রয়েছে। তিন দিন আগে বৃষ্টি হওয়ায় এসব গর্তে পানি জমেছে। যানবাহন ও লোকজন কষ্ট করে চলাচল করছে।
পৌরসভার তুজারভাঙা এলাকার বাসিন্দা গরীব হোসেন বলেন, গর্তে জমে থাকা পানি অপসারণের ব্যবস্থা না থাকায় গর্তগুলো দিন দিন গভীর হচ্ছে। গর্তে আটকে যাচ্ছে মালবাহী যানবাহন।
পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা আক্তার প্রথম আলোকে বলেন, বিভিন্ন কাজে উপজেলা শহরে নিয়মিত যেতে হয়। সড়কের গর্তে যানবাহন বিকল হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে রিকশা ও অটোরিকশার চালকেরা ৫ টাকার ভাড়া বাড়িয়ে ১০ টাকা করেছেন।
ট্রাকচালক ফারুক হোসেন বলেন, ভাঙা সড়ক দিয়ে যানবাহন চালাতে গিয়ে প্রতিদিনই কোনো না কোনো গাড়ি বিকল হচ্ছে এবং উল্টে যাচ্ছে। রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হয়েছে।