প্রধান সড়কে অবৈধ স্ট্যান্ড যানজটে দুর্ভোগ

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের প্রধান সড়কের আধা কিলোমিটারের মধ্যে ১২টি অবৈধ অটোরিকশা ও টমটমের স্ট্যান্ড গড়ে উঠেছে। এতে শহরে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় স্থানীয় ব্যক্তিরা দুর্ভোগ পোহাচ্ছে।
অটোরিকশার চালক, যাত্রী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর শহরের উত্তর বাজার থেকে রেলস্টেশন চৌমোহনা এলাকায় প্রধান সড়কের পাশে কুলাউড়া থেকে উপজেলার গৌড়করণ, বিজয়া বাজার, ঘাটের বাজার এবং জুড়ী ও বড়লেখা উপজেলায় চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার আলাদা স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। একইভাবে দক্ষিণ বাজারের কুলাউড়া থানার সামনে থেকে ডাকঘর পর্যন্ত এলাকায় কুলাউড়া থেকে উপজেলার ভূকশিমইল, গাজীপুর, রবিরবাজার, রাঙ্গিছড়া এবং কমলগঞ্জের শমসেরনগর ও মৌলভীবাজার জেলা সদরে চলাচলকারী অটোরিকশার আলাদা স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ বাজারে কাঁচা বাজারের পাশে একটি ব্যাটারিচালিত টমটমের স্ট্যান্ড রয়েছে।
বিভিন্ন স্ট্যান্ডের ১০ থেকে ১২ জন অটোরিকশা ও টমটমের চালক বলেন, নির্ধারিত স্থান না থাকায় সড়কের পাশেই তাঁদের গাড়ি
রেখে যাত্রী ওঠানামা করতে হয়। সড়কের পাশে গাড়ি রাখতে ঝক্কি-ঝামেলা এড়াতে ট্রাফিক পুলিশকে প্রতি মাসে গাড়িপ্রতি ৫০ টাকা
করে দেওয়া হয়। বিভিন্ন স্ট্যান্ডে অন্তত দুই হাজার গাড়ি তালিকাভুক্ত রয়েছে।
পৌর শহরের কাছুরকাপন এলাকার বাসিন্দা ও কুলাউড়া ডিগ্রি কলেজের প্রভাষক সিপার উদ্দিন আহমদ বলেন, পৌর শহরে যানজটের কারণে প্রতিদিন মানুষ দুর্ভোগ পোহায়। অথচ এই সমস্যা সমাধানে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
কুলাউড়া ট্রাফিক কার্যালয়ের দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (শহর ও যানবাহন) মো. মোশারফ হোসেন চালকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, সড়কে যেসব অটোরিকশার স্ট্যান্ড স্থাপন করা হয়েছে, সেগুলো অবৈধ। স্ট্যান্ড সরিয়ে নিতে বলা হলেও শ্রমিক সংগঠনের নেতারা নানা অজুহাত দেখান।
উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, বছর খানেক আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশে কুলাউড়া জংশন রেলস্টেশনের সামনে খোলা জায়গায় তাঁরা গাড়ি পার্কিং শুরু করেছিলেন। তখন রেলওয়ে থানার পুলিশ বাধা দেয়। সে কারণে এখন তাঁরা রাস্তায় অটোরিকশা রাখেন।
কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ বলেন, শহরের যানজট স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। তিনি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির বিভিন্ন সভায় সমস্যাটি তুলে ধরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কুলাউড়ার বর্তমান ইউএনও তাহসিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘শহরের যানজট সমস্যার সমাধানে সব শ্রেণি ও পেশার মানুষকে ডেকে সভা করব।’