প্রধান সড়কের ওপর বাসস্ট্যান্ড, পাটের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ পৌর শহরের প্রধান সড়কের ওপর অবৈধ বাসস্ট্যান্ড গড়ে উঠেছে। এ ছাড়া ওই রাস্তায় প্রতিবছর পাটের মৌসুমে অন্তত পাঁচ মাস বসানো হয় পাটের হাট। এ কারণে যানজট লেগেই থাকে। এতে শিক্ষার্থী ও পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।এলাকাবাসী জানান, উপজেলা প্রশাসন কয়েক বছর আগে পৌরসভার বালিজুড়ি নিমতলায় বাসস্ট্যান্ডের জায়গা নির্ধারণ করে। কিন্তু বাসমালিকেরা সেখানে বাস রাখেন না। তাঁরা পৌরসভার বালিজুড়ি বাজারের দোস্ত মার্কেটের জোনাইল মোড় থেকে ঠাকুরবাড়ি মোড় পর্যন্ত অবৈধ বাসস্ট্যান্ড গড়ে তোলেন। এ ছাড়া ওই রাস্তাতেই বছরে অন্তত পাঁচ মাস পাটের হাট বসানো হয়। পৌর বাসিন্দারা পৌরসভার মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবৈধ বাসস্ট্যান্ড ও পাটের হাট উচ্ছেদের জন্য একাধিকবার দাবি জানান। কিন্তু আজ পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। গত শনিবার সরেজমিনে দেখা গেছে, পৌরসভার বালিজুড়ি বাজারের প্রধান সড়কের দোস্ত মার্কেটের জোনাইল মোড় থেকে ঠাকুরবাড়ি জলি ব্যাপারীর দোকান মোড় পর্যন্ত চার-পাঁচটি বাস দাঁড়িয়ে আছে। রাস্তার ওপর ট্রাক ও ট্রলিতে পাট বোঝাই করা হচ্ছে। এতে পৌর শহরের প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন তালুকদার বলেন, বালিজুড়ি বাজারে পাটের হাট বসানোর স্থানে তিনজন আনসার সদস্যকে নিয়োগ দিয়েছি, যাতে পথচারী ও শিক্ষার্থীরা সহজে রাস্তায় চলাচল করতে পারে। শনিবার সরেজমিন গিয়ে সেখানে কোনো আনসার সদস্যকে দেখা যায়নি। মাদারগঞ্জের ইউএনও এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, বালিজুড়ি বাজারের দোস্ত মার্কেটের কাছের সড়কের ওপরে বাসস্ট্যান্ড ও পাটের হাটটি সম্পূর্ণ অবৈধ। এ নিয়ে বাজারের ইজারাদার ও বাসমালিকদের সঙ্গে আলোচনা করে শিগগিরই বাসস্ট্যান্ড এবং পাটের হাট উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে।