প্রধান সড়কের পাশে ময়লার স্তূপ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়কের পাশে ময়লা–আবর্জনার স্তূপ। সড়কের বোমপট্টি এলাকা তোলা l প্রথম আলো
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণি সড়কের পাশে ময়লা–আবর্জনার স্তূপ। সড়কের বোমপট্টি এলাকা তোলা l প্রথম আলো

কিশোরগঞ্জের ভৈরবে প্রধান সড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়েছে। এই কারণে এই সড়ক দিয়ে চলাচল করার সময় পথচারী ও বিভিন্ন যানের যাত্রীদের সমস্যা হচ্ছে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেকে নাক চেপে চলাচল করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব মর্যাদায় প্রথম শ্রেণির পৌরসভা। এই শহরের প্রধান সড়কের নাম ‘বঙ্গবন্ধু সরণি সড়ক’। একমুখী সড়কটি ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড থেকে এসে বাজারের সঙ্গে যুক্ত হয়েছে। মূল শহরে প্রবেশস্থানটির নাম বোমপট্টি। প্রায় এক বছর ধরে এই এলাকায় স্থানীয় লোকজন স্থানটিতে বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলছেন। এ ছাড়া পৌর কর্তৃপক্ষ একই স্থানে শহরের বিভিন্ন বাজার থেকে সংগ্রহ করে আনা ময়লা-আবর্জনা ওই স্থানে ফেলছে।

গত বুধবার সরেজমিনে দেখা যায়, পৌর পরিষদের কর্মচারীরা ঠেলাগাড়িতে করে ময়লা-আবর্জনা এনে সড়কের পাশে ওপরে ফেলছেন। ময়লা-আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীরা নাক চেপে সড়ক পার হচ্ছেন।

ওই এলাকায় কথা হয় মো. সাগর নামের ভৈরব পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা কী করুম। স্যারেরা যেখানে ফেলতে কয়, সেখানেই ফেলি।’

সাগর জানালেন, কয়েক দিন পরপর এখানে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা সরিয়ে উপজেলাটির শম্ভুপুর এলাকায় নিয়ে ফেলা হয়। তবে ময়লা ফেলতে আসার সময় স্থানীয় লোকজনের তোপের মুখে পড়তে হয়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দিনের পর দিন সড়কের মধ্যে ময়লা-আবর্জনা ফেলে রাখায় বোমপট্রি ব্যবসায়ী ও আবাসিক এলাকার বাসিন্দাদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা জানান, বাজার থেকে বাসস্ট্যান্ড যেতে প্রতিদিন অন্তত ১০ হাজার যাত্রীকে এখানে এসে কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এ সময় তাঁদের দুর্গন্ধ সহ্য করতে হয়।

পৌর শহর ঘুরে দেখা গেছে, শুধু বোমপট্টিই নয়, রেলওয়ে স্টেশন সড়কেরও একই অবস্থা। স্টেশন সড়কের পলাশ সিনেমা হল অংশের দুই পাশও ময়লা-আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করা হচ্ছে। ওই স্থানটিতেও পৌর কর্তৃপক্ষই ময়লা ফেলছে। ফলে প্রতিদিন কয়েক হাজার যাত্রীকে দুর্গন্ধ নিয়ে সড়কটি পার হতে হয়।

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার বিষয়ে কথা বলার জন্য ভৈরব পৌরসভার মেয়র ফখরুল আলম আক্কাছের মুঠোফোনে ফোন দিলেও তিনি তা ধরেননি।

তবে এ বিষয়ে প্যানেল মেয়র মো. আল আমিন বলেন, পৌরসভা বোমপট্রিতে অটো স্ট্যান্ড নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। এটি নির্মিত হলে সেখানে আর ময়লা ফেলার সুযোগ থাকবে না। উপজেলার শম্ভুপুর এলাকায় ডাম্পিং পয়েন্ট করা হচ্ছে। ডাম্পিং প্রক্রিয়াটি পুরোপুরি সমাপ্ত হলে সড়কের পাশে আর ময়লা ফেলতে হবে না।