
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রিত্ব নয়, শান্তি চাই। আমি জনগণের দুর্ভোগ সহ্য করতে পারি না। আমি জনগণের শান্তি ও উন্নয়ন চাই, প্রধানমন্ত্রিত্ব নয়।’
‘বিএনপি-জামায়াতের ক্যাডাররা এখন হরতালের নামে মানুষ পুড়িয়ে মারছে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি যখন দেখি তারা মানুষ পুড়িয়ে মারছে, বিশ্বাস করুন, তখন আমি খুব কষ্ট পাই।’
শেখ হাসিনা গতকাল রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খতিব ও শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে এসব কথা বলেন। খবর বাসসের।
ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সচিব কাজী হাবিবুল আওয়াল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম মো. নিজামউদ্দিন ও জাতীয় খতিব সম্মেলনের আহ্বায়ক জালালউদ্দিন।
বিরোধী দল ধ্বংসাত্মক রাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের ক্যাডাররা পেট্রল ঢেলে ঘুমন্ত মানুষকে হত্যা করছে। এ ধরনের নৃশংসতা সহ্য করা যায় না।
সম্প্রতি হরতালের সময় নিহত ১৫ বছরের শিশু মনির হোসেনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের ক্যাডাররা মানুষকে অগ্নিদগ্ধ হতে দেখে হাসিতে ফেটে পড়ে। হরতাল প্রত্যাহারে গত ২৬ অক্টোবর বিরোধীদলীয় নেতাকে তাঁর টেলিফোন করার কথা আবারও উল্লেখ করে তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা হরতাল প্রত্যাহারে আমার অনুরোধ রাখেননি।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত-হেফাজত যুদ্ধাপরাধীদের বিচার বন্ধে মরিয়া হয়ে উঠেছে। মানুষের কল্যাণে এ বিচার সম্পন্ন হতে হবে। বাংলার মাটিতে তাদের বিচার হতেই হবে।
শেখ হাসিনা বলেন, আলেম-ওলামাদের মাদকাসক্তির বিরুদ্ধে যুবসমাজ ও তাঁদের অভিভাবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আলিয়া ও কওমি—এ দুই ধারার প্রাতিষ্ঠানিক ধর্মীয় শিক্ষা পরিচালিত হচ্ছে। আলিয়া ধারার শিক্ষা কার্যক্রমে সরকারি স্বীকৃতি থাকায় শিক্ষার্থীরা সরকারি চাকরির সুযোগ পাচ্ছেন। কিন্তু কওমি শিক্ষার্থীরা সরকারি চাকরির সুবিধা থেকে বঞ্চিত। এ জন্য সরকার কওমি শিক্ষাকে সরকারি সনদের আওতায় আনার উদ্যোগ নিয়েছে।
শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন, দেশপ্রেমিক জনগণ আবার ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করবেন। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে প্রধানমন্ত্রী জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।