প্রধানমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদের সই জাল করে বিদ্যুত্ সংযোগ
প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এক সাংসদের সই জাল করে বিদ্যুত্ সংযোগ নেওয়ার অভিযোগে রাজশাহীর বাগমারা থানা পুলিশ এক শিক্ষকসহ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও পল্লি বিদ্যুত্ সমিতি সূত্রে জানা যায়, শিক্ষক আবদুল হান্নান গত বছরের ১৫ আগস্ট উপজেলার দক্ষিণ মাঝগ্রামের একটি গভীর নলকূপে বিদ্যুত্ সংযোগের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের ক্ষমতাসীন দলের সাংসদ এনামুল হকের সই ও সিল জাল করে একটি ডিও লেটার নাটোর পল্লি বিদ্যুত্ সমিতি-১-এর মহাব্যবস্থাপক বরাবর দাখিল করেন। পল্লি বিদ্যুত্ কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত বিদ্যুত্ সংযোগের ব্যবস্থা করে। পরে একই কায়দায় উপজেলার কাজিপাড়ার ইয়াকুব আলী ও বৈকুড়ির সাহার আলী প্রধানমন্ত্রী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাংসদের সই জাল করে গত বছরের ৩০ ডিসেম্বর আবেদন করেন। একসঙ্গে তিনটি আবেদন পাওয়ায় ও ভিআইপিদের সুপারিশ থাকায় পল্লি বিদ্যুত্ কর্তৃপক্ষের সন্দেহ হয়। গত রোববার সাংসদ এনামুল হক বাগমারায় একটি অনুষ্ঠানে এলে বাগমারার উপমহাব্যবস্থাপক একরামুল হক সুপারিশযুক্ত আবেদনপত্র তাঁকে দেখান। সাংসদ তাঁর সই, সিল জাল বলে জানান। বিষয়টি পল্লি বিদ্যুত্ কর্তৃপক্ষ পুলিশ প্রশাসনকে জানায়। পরে পুলিশ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করে সই জালের বিষয়টি নিশ্চিত হয়। গত রোববার পল্লি বিদ্যুত্ কর্তৃপক্ষ ইয়াকুব, হান্নান, সাহার আলীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে প্রতারণা, স্বাক্ষর জালের অভিযোগে থানায় মামলা করে। পল্লি বিদ্যুত্ সমিতি-১-এর বাগমারার উপমহাব্যবস্থাপক একরামুল হক জানান, তাঁদের হাতে প্রধানমন্ত্রীর সুপারিশ আসায় সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি নিশ্চিত হয়েছেন।