প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য ও বিচারপতিদের আয়কর দেওয়ার প্রজ্ঞাপন স্থগিত
প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, মন্ত্রিসভার সদস্য ও বিচারপতিদের মূল বেতনের ওপর আয়কর দেওয়া-সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে ওই প্রজ্ঞাপনটি কেন সংবিধান পরিপন্থী ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। অর্থসচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ইতিপূর্বে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী-উপমন্ত্রী-প্রতিমন্ত্রী, সাংসদ, বিচারপতি ও সাংবিধানিক পদে আসীন ব্যক্তিরা আয়করের আওতামুক্ত ছিলেন। গত ৪ জুলাই সরকারের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার ও বিচারপতিদের মূল বেতনের ওপর আয়কর দেওয়ার কথা বলা হয়। তবে অন্য বিষয়গুলো করমুক্ত রাখা হয়। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইদ্রিসুর রহমানসহ দুই আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন ও রুল জারি করেন।