সাংবাদিক মূসার স্মরণসভায় বক্তাদের প্রশ্ন
প্রধানমন্ত্রী অন্য অপহূতদের বিষয়ে হস্তক্ষেপ করেননি কেন?
সদ্যপ্রয়াত সাংবাদিক এবিএম মূসার স্মরণে আয়োজিত সভায় বক্তারা দেশে একের পর এক গুম ও অপহরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে মর্মে বলা হচ্ছে। তাহলে ইলিয়াস আলীসহ গত চার বছরে অপহূত বাকি ২৬৮ জনের বিষয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেননি কেন?
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এই স্মরণসভার আয়োজন করে নাগরিক সংগঠন নাগরিক ঐক্য। এবিএম মূসা ছিলেন এ সংগঠনের প্রধান উপদেষ্টা। মুক্তিযুদ্ধে ও গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা বিশিষ্ট এই সাংবাদিকের প্রতি সরকার যথাযথ সম্মান দেখায়নি বলে অভিযোগ তুলে বক্তারা এর সমালোচনা করেন। তাঁরা বলেন, সরকার সম্মান না করলেও তাঁকে সাধারণ মানুষ সম্মান করেছে, এটা তাঁর বড় পাওয়া।
সাংবাদিকতার প্রতি এবিএম মূসার পেশাদারি, উৎকর্ষের কথা তুলে ধরেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। তিনি আবু বকর সিদ্দিককে কে এবং কেন অপহরণ করেছিল, তা খুঁজে বের করে সন্দেহ-সংশয় দূর করার জন্য এ-সংক্রান্ত তদন্ত কমিটির প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এ পর্যন্ত শত শত ব্যক্তি অপহূত হয়েছেন। কিন্তু যে নারী স্বামী হারিয়েছেন, যে মা সন্তান হারিয়েছেন, যে সন্তান বাবাকে হারিয়েছেন, তাঁরা যেন অন্তত রহস্য বা কারণটা জানতে পারেন, সরকারের সেই উদ্যোগটুকু নেওয়া প্রয়োজন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি চরম আকার ধারণ করেছে। প্রায় সব প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, উনি থাকলেও উপজেলা নির্বাচনে এমন অবস্থা হতো। তাহলে প্রশ্ন ওঠে, উনি এখনো আছেন কেন?
বিরোধী দল কোমর সোজা করতে না পারায় সরকার যাচ্ছেতাই করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন সভার সভাপতি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তাঁর মতে, সরকারের কথামতো যদি পাঁচ বছর পরও নির্বাচন হয়, তাহলে তা ৫ জানুয়ারির মতোই হবে। কারণ, সংবিধানকে যে অবস্থায় নেওয়া হয়েছে, তাতে কখনোই এই সরকারকে হয়তো ক্ষমতা ছাড়তে হবে না।
ইংরেজি দৈনিক নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বলেন, মানুষের প্রতিক্রিয়ার কারণেই আবু বকর ফিরে এসেছেন। এ থেকে প্রমাণিত হয়, মানুষ সংঘবদ্ধভাবে এগিয়ে এলে গুম, অপহরণ ও স্বৈরতান্ত্রিকতা রুখে দেওয়া সম্ভব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, আবু বকর ফিরে এসেছেন, কিন্তু তাঁর মতো শত শত মানুষের খোঁজ মিলছে না। এঁদের প্রতি সরকারের কোনো দায়িত্ববোধ আছে বলে মনে হয় না।
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ।