প্রধানমন্ত্রী, অশুভ পথে অগ্রসর হবেন না: খন্দকার মাহবুব

প্রধানমন্ত্রী অশুভ পথে অগ্রসর হবেন না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, ‘অতীতের ইতিহাস সাক্ষ্য দেয় জনগণের ইচ্ছের বিরুদ্ধে স্বৈরশাসন কায়েম করে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেনি; বরং করুণ পরিণতি নিয়ে বিদায় নিতে হয়েছে। আমরা আশা করব, এই অশুভ পথে প্রধানমন্ত্রী অগ্রসর হবেন না।’
নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে প্রধানমন্ত্রী দেশকে বর্তমান সংঘাতময় অবস্থা থেকে রক্ষা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ বৃহস্পতিবার দুপুরে বার কউন্সিল মিলনায়তনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, আজকের এই রাজনৈতিক সংকট নিরসনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। এর প্রধানকে অবশ্যই নির্দলীয় হতে হবে। এই বাস্তবতা স্বীকার করে গণতন্ত্র অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করে একটি মহান পদক্ষেপ নিলে তিনি দেশবাসীর কাছে অবশ্যই প্রশংসনীয় হবেন।
দেশের রাজনৈতিক অঙ্গনে আজ সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে খন্দকার মাহবুব বলেন, যা যেকোনো মুহূতে এক গণবিস্ফোরণে পরিণত হতে পারে।
লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব আরও বলেন, এই অস্থিরতা থেকে পরিত্রাণ পেতে এবং দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে ক্ষমতাসীন দলকে ছাড় দিতে হবে। এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথ বেরিয়ে আসবে। উভয় দল তাদের নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনকালীন রূপরেখা দিয়েছেন। নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন, সে বিষয়টি সমঝোতার মাধ্যমে নির্ধারণ করা হলে উভয় রূপরেখা গ্রহণযোগ্য হতে পারে।
এ সময় বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, কমিটির সদস্য মাহবুব উদ্দিন খোকন, লিগ্যাল এডুকেশন কমিটি ও হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান গোলাম মোস্তফা খান, অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।