প্রধানমন্ত্রী আগরতলায় যাচ্ছেন ১২ জানুয়ারি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ জানুয়ারি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা আসছেন। তিনি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এতে তাঁকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেওয়া হবে। সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি হামিদ আনসারি উপস্থিত থাকবেন। একই দিন আসাম রাইফেলসের অডিটোরিয়ামে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেবে আগরতলা পরিষদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তার জন্য তাঁর আসার ১০ দিন আগেই আগরতলায় ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোদের আনা হচ্ছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণোদয় সাহা প্রথম আলোকে জানান, তিনি ও ত্রিপুরার রাজ্যপাল ডি ওয়াই পাতিল ঢাকা গিয়ে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। তিনি তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়েছে শেখ হাসিনাকে। তবে ওই সমাবর্তনে যোগ দেওয়ার ব্যাপারে এখনো তাঁর সম্মতি পাওয়া যায়নি।