প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেন ভোলা তথ্য ও সেবাকেন্দ্র
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলার দুর্গম চর কুকরি-মুকরিতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র উদ্বোধন করবেন।এর মধ্য দিয়ে দেশের চার হাজার ৫০৩টি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এ অনুষ্ঠানের জন্য কুকরি-মুকরি ইউনিয়ন পরিষদে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাজানো হয়েছে ভিডিও কনফারেন্স কক্ষ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয় থেকে কুকরি-মুকরির কনফারেন্স কক্ষে ইউএনডিপির প্রশাসক ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে সরাসরি কথা বলবেন। একই সময়ে নারী উদ্যোক্তা শারমিন আক্তার, জেলে আবদুল মালেক মাতব্বর ও স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলামের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত থাকবেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেজ ওসমান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাসান মাহমুদ, বরিশাল বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রহমতুল মুমিন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অতিরিক্ত সচিব মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলামসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। গতকাল বিকেলে সরেজমিনে দেখা যায়, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে বরণ করতে কুকরি-মুকরির অবহেলিত রাস্তা ও নৌঘাটগুলোকে মেরামত করা হয়েছে।