প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫৩টি দেশের জোট কমনওয়েলথ শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীলঙ্কায় যাচ্ছেন। কাল শুক্রবার সকালে কলম্বোর নিলম পকুনা, মাহিন্দা রাজাপক্ষে থিয়েটার হলে কমনওয়েলথ সরকারপ্রধানদের তিন দিনের বৈঠক শুরু হচ্ছে।
কমনওয়েলথের সরকার প্রধানদের এবারের বৈঠকের প্রতিপাদ্য হচ্ছে, ‘সমতার মাধ্যমে প্রবৃদ্ধি ও সামগ্রিক উন্নয়ন’।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কমনওয়েলথ শীর্ষ বৈঠকে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তাঁর সফরসঙ্গীদের মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন। খসড়া সময়সূচি অনুযায়ী, আজ বেলা দুইটায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী কলম্বো যাবেন। শুক্রবার মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।