প্রধানমন্ত্রী আজ কুষ্টিয়া যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার সকালে কুষ্টিয়ায় আসছেন। ভেড়ামারা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে নির্মাণাধীন গ্রিড উদ্বোধন ও কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের এক জনসভায় বক্তব্য দেবেন তিনি।
কুষ্টিয়ার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে নির্বাচিত সাংসদেরা ওয়াদার তেমন কিছুই পূরণ করতে পারেননি। সবচেয়ে বড় ওয়াদা কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু ও বাইপাস সড়ক আজও আলোর মুখ দেখেনি। ঐতিহ্যবাহী মোহিনী মিল ও কুষ্টিয়া টেক্সটাইল মিল চালু, দৌলতপুরে স্থলবন্দর ও ফায়ার সার্ভিস হয়নি। কুষ্টিয়া হয়ে গ্যাস পাইপলাইন খুলনায় গেলেও কুষ্টিয়াবাসী গ্যাস পায়নি।
কুষ্টিয়া শিল্প ও বণিক সমিতির পরিচালক এস এম কাদেরী শাকিল বলেন, ‘কুষ্টিয়া চাল, কেব্লস ও তাঁতসমৃদ্ধ এলাকা। অথচ গ্যাস পাচ্ছি না। অনেক ছোট ছোট জেলায় বাইপাস সড়ক দুটি করে থাকলেও কুষ্টিয়ায় নেই। কুষ্টিয়ায় অনেক গুণীজনের আবাসস্থল থাকলেও সেখানে পর্যটননগর ঘোষণা নেই। সবকিছুতেই যেন কুষ্টিয়া পিছিয়ে রয়েছে।’