প্রধানমন্ত্রী আজ খুলনায় যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার খুলনায় যাচ্ছেন। তিনি খুলনা শিপইয়ার্ডে দুটি বৃহৎ যুদ্ধজাহাজ বা লার্জ পেট্রোল ক্র্যাফটের (এলপিসি) নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। খবর বাসসের।
খুলনা শিপইয়ার্ড ২০১৩ সালে পাঁচটি ছোট যুদ্ধজাহাজ (পেট্রোল ক্র্যাফট) তৈরির মাধ্যমে দেশের জাহাজ নির্মাণশিল্পে নতুন অধ্যায় শুরু করে। সেটাই ছিল দেশে যুদ্ধজাহাজ নির্মাণের প্রথম ঘটনা। তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে দেশে জাহাজ নির্মাণের ইতিহাসে এবারেরটাই সবচেয়ে বড় প্রকল্প।
এলপিসি দুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭৯৩ কোটি ১৪ লাখ টাকা। এতে প্রযুক্তিগত সহযোগিতা দেবেন চীনের যুদ্ধজাহাজ বিশেষজ্ঞরা। ইঞ্জিনসহ প্রয়োজনীয় সামগ্রীও চীন থেকে আমদানি করা হবে। ২০১৭ সালের আগস্টে যুদ্ধজাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
খুলনা শিপইয়ার্ডের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান তারেক বলেন, সর্বোচ্চ ২৫ নট গতি ও ৬৭৪ টন ধারণ ক্ষমতাসম্পন্ন এই এলপিসি দুটি ডুবোজাহাজ শনাক্ত ও তাতে আক্রমণের উপযোগী অস্ত্রসহ বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত থাকবে।
এলপিসির নির্মাণকাজ উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী খুলনা শিপইয়ার্ডে নির্মিত দুটি কনটেইনারবাহী জাহাজ বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত (কমিশন) করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী বাগেরহাটের মংলায় দিগরাজ নৌ জেটিতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।