শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গাজীপুরে আসছেন। এ উপলক্ষে কাশিমপুরের সারাবোর তেঁতুইবাড়ি এলাকায় নার্সিং কলেজ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্যসচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রকল্প পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মালয়েশিয়া কেপিজে হেলথ কেয়ার বার্হাডের প্রেসিডেন্ট তুয়ান হাজি আমির উদ্দিন আবদুল সাতার।
নার্সিং কলেজের জনসংযোগ কর্মকর্তা আ ন ম গোলাম রাব্বানী জানান, ২০১৩ সালের ১৮ নভেম্বর ওই কলেজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোশ্রী মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি শেখ রেহানা।