প্রধানমন্ত্রী আজ চট্টগ্রাম যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন পাসপোর্ট ভবনের উদ্বোধন করতে আজ মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। প্রধানমন্ত্রীর বিশ্রামের জন্য চট্টগ্রাম সার্কিট হাউসকে প্রস্তুত করা হয়েছে। জানা গেছে, সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রাম সেনানিবাসে অবতরণ করবেন। সেখান থেকে সরাসরি জঙ্গল সলিমপুরে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ) ক্যাম্পাসে যাবেন। সেখানে তিনি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বক্তব্য দেবেন। বেলা সাড়ে ১২টার দিকে তিনি সরাসরি দেওয়ানহাটের মনছুরাবাদে স্থাপিত নতুন আঞ্চলিক পাসপোর্ট ও ভিসা ভবনের উদ্বোধন করবেন। এরপর তিনি ঢাকায় ফিরে যাবেন। জানা গেছে, এর আগে চট্টগ্রাম সফরের সময় সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক ও মধাহ্নভোজের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু শেষে তা বাতিল করা হয়। তবে এইউডব্লিউ ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত থাকবেন।ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানের পর কোনো কারণে প্রধানমন্ত্রীর চট্টগ্রামে বিশ্রামের দরকার হলে সার্কিট হাউসে যাবেন। এ জন্য সেখানে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ভিভিআইপি কক্ষ ‘শাপলাকে’ প্রস্তুত রাখা হয়েছে।