প্রধানমন্ত্রী আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ আসছেন। তিনি আজ এখানে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। চলতি মেয়াদে এটিই চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর প্রথম সফর। প্রধনমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ার্দার স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, বেলা ১১টায় প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবেন। প্রথমে তিনি সদর উপজেলার আমনুরা এলাকায় ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে যন্ত্রপাতি স্থাপনের কাজ উদ্বোধন করবেন। এরপর একই এলাকায় তিনি রাজশাহী-আমনুরা-চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর রেলওয়ে পুনর্বাসন প্রকল্পের ফলক উন্মোচন করবেন। পরে প্রধানমন্ত্রী সদর উপজেলার সাহেবের ঘাটে মহানন্দা নদীর ওপর দ্বিতীয় মহানন্দা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও রেহাইচরে নবনির্মিত স্টেডিয়াম উদ্বোধন করবেন।পরে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জকে সাজানো হয়েছে নতুনরূপে। এরই মধ্যে শহরের বিভিন্ন সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন সড়কে বেশ কিছু তোরণ নির্মাণ করা হয়েছে।