প্রধানমন্ত্রী আজ জাপান সফরে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের নাগোয়া শহরে অনুষ্ঠেয় শিল্পোন্নত দেশগুলোর সম্মেলন জি-৭-এর আউটরিচ বৈঠকে অংশগ্রহণের জন্য আজ বৃহস্পতিবার সকালে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। কাল শুক্রবার প্রধানমন্ত্রী সিমা কানকো হোটেলে জি-৭ সম্মেলনের আউটরিচ অনুষ্ঠানে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
শুক্রবার প্রধানমন্ত্রী জি-৭ আউটরিচ লিডারদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও আলোচনায় অংশ নেবেন এবং সেখানেও বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রী একই দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গেও বৈঠক করবেন।
শনিবার প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও ওই দিন তাঁর বৈঠকের কথা রয়েছে।
রোববার সকালে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সংস্থা এফবিসিসিআই এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সংস্থা জেটরোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। পরে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে টোকিও ত্যাগ করবেন।