বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ সোমবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি সূত্র জানিয়েছে, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর আজ সকাল ৯টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছার কথা রয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হেলিপ্যাডে পৌঁছে তিনি সরাসরি বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে চলে যাবেন। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাজার প্রাঙ্গণে আয়োজিত মিলাদ এবং দোয়া মাহফিলেও যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে দোয়া-মাহফিল: বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বাদ জোহর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ।
মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, প্রেস সচিব ইহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বঙ্গবন্ধু ও তাঁর সঙ্গে ১৫ আগস্টে নিহত সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।